চাঁপাইনবাবগঞ্জে মাদকের টাকার জন্য সৎ মাকে হত্যা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকের টাকার জন্য আয়েশা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সৎ ছেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত আশিকুর পলাতক। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার জামবারিয়া ইউনিয়নের ধরমপুর গ্রামে ঘটনাটি ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, শনিবার রাতে আশিক তার সৎ মা আয়েশার কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করেন। টাকা না দিলে তিনি আয়েশার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা আয়েশাকে দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠায়। ঘটনার পর থেকে আশিকুর পলাতক।