বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ধামইরহাটে মধ্যরাতে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি এনামুল হক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ০৪ অক্টোবর ২০২৬ ০৬:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ০৪ অক্টোবর ২০২৬ ০৬:৫১ অপরাহ্ন
ধামইরহাটে মধ্যরাতে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি এনামুল হক

নওগাঁর ধামইরহাটে মধ্যরাতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করে ভুক্তভোগীদের অভিযোগ শুনেছেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।


রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণ ফার্শিপাড়া গ্রামে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।


ভুক্তভোগীদের অভিযোগ শুনে এমপি এনামুল হক আইনি সহায়তার আশ্বাস দিয়ে বলেন, “আইন সবার জন্য সমান। কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তা মেনে নেওয়া যায় না। এ ঘটনার বিচার হওয়া উচিত।”


অভিযোগকারী দক্ষিণ ফার্শিপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে সোলায়মান আলী জানান, গত ১ অক্টোবর রাত দেড়টার দিকে প্রতিপক্ষ তোজাম্মেল হকসহ ৫০-৬০ জন লোক তার বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে থাকা পাঁচজন ভাড়াটিয়ার প্রায় ৮ লাখ টাকার মালামাল লুটপাট ও ক্ষতিসাধন করা হয়। এ ঘটনায় তিনি ধামইরহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।


তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন তোজাম্মেল হক। তিনি বলেন, জমিটি তিনি কিনেছেন এবং তার নামে অনলাইনে খাজনা-খারিজ রয়েছে। এ বিষয়ে আদালতও তার পক্ষে রায় দিয়েছেন। প্রতিপক্ষ আপিল করলেও তা আদালতে খারিজ হয়ে গেছে। ফলে জমিটি তার দখলে রয়েছে। হামলার ঘটনায় তিনি জড়িত নন এবং তৃতীয় পক্ষের গোলযোগের বিষয়েও তিনি অবগত নন।


ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী জমির মালিক তোজাম্মেল হককে উভয় পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়েছে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।