বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

সিরাজগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে জেলা টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি ০৪ অক্টোবর ২০২৬ ০৭:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিরাজগঞ্জ প্রতিনিধি ০৪ অক্টোবর ২০২৬ ০৭:২৬ অপরাহ্ন
সিরাজগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে জেলা টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।


রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, সিরাজগঞ্জের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।


সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অভিযানের বিভিন্ন কার্যক্রম ও করণীয় তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।


সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষিবিদ আনোয়ার সাদাত, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) জেরিন আহমেদ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুর রহমান খান, জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা মৎস্য সিনিয়র সহকারী পরিচালক দেবাশীষ ঘোষ, সহকারী পরিচালক মোঃ ইব্রাহিম হামীদ শাহীন, শাহজাদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আতাউল রহমান এবং জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ আব্দুস সাওয়ার খান।


এছাড়াও জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমাস আহমেদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ হোসেন আলী ছোট্টসহ বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সভায় জানানো হয়, প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।


নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেদের সরকারি খাদ্য সহায়তা হিসেবে ভিজিএফ  প্রদান করা হবে। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের টাস্কফোর্স কমিটির মাধ্যমে নদীতে কঠোর নজরদারি, অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।


সভায় মা ইলিশ রক্ষায় জেলে, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে প্রশাসন, মৎস্য বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।


সভা শেষে জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামকে ক্রেস্ট প্রদান করা হয়।