পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে চলমান নিয়োগ প্রক্রিয়া স্থগিত, কথিত অবৈধ নিয়োগ বাতিল এবং উচ্চ আদালতের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার চৌহাটি এলাকায় বড়পুকুরিয়া কয়লা খনির প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ১২৮৮/২০১৮ নম্বর মামলার রায়ের সঙ্গে সংশ্লিষ্ট কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘অবৈধ নিয়োগ বাতিল কর, করতে হবে’ এবং ‘১২৮৮/২০১৮ উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা অভিযোগ করেন, উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না করেই নিজস্ব মনোনীত প্রার্থীদের অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের নিয়োগ অবিলম্বে বাতিলের দাবি জানান তারা।
তারা আরও বলেন, চলমান নিয়োগ প্রক্রিয়া স্থগিত রেখে ১২৮৮/২০১৮ নম্বর মামলায় উচ্চ আদালতের দেওয়া রায় যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং অনিয়মের অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান মানববন্ধনকারীরা।