ক্লাব কাপ তায়কোয়ানডোতে রাজশাহীর ১৫ পদক
ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ ১৫টি পদক জিতেছে রাজশাহী তায়কোয়ানডো দোজাং। এর মধ্যে রয়েছে ৬টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক।
মোহাম্মদপুর তায়কোয়ানডো ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন রাজশাহীর খেলোয়াড়রা।
নারী বিভাগে মারিন আশরাফি জুনিয়র কিওরোগি (-৪৬ কেজি) ও জুনিয়র পুমসে (১৪-১৭ বছর) দুটি ইভেন্টে স্বর্ণপদক জেতেন। আনিকা জুনিয়র পুমসে (৯-১২ বছর) বিভাগে স্বর্ণ পান। নারী বিভাগে ইরা, আনিকা ও জাফরিন জারা রৌপ্য এবং মৌনিয়া ব্রোঞ্জপদক অর্জন করেন।
পুরুষ বিভাগে মো. ইমতিয়াজ আলী, প্রিন্স আদনানসহ রাজশাহীর খেলোয়াড়রা স্বর্ণপদক অর্জন করেন। তাহসিন ও প্রিন্স আদনান রৌপ্য এবং জয়নব ব্রোঞ্জপদক পান।
প্রতিযোগিতায় রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের চারজন রেফারিও দায়িত্ব পালন করেন। তারা হলেন—মুমিত হাসান ব্রাইট, মো. আশিক মাহমুদ, শ্রাবন্তী ইসলাম বর্ষা ও মো. ইহতেশামুল আলম।
রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের এ সাফল্যে স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।