নগরীতে গাঁজা সেবনের অভিযোগে ৪ জন গ্রেপ্তার
রাজশাহীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম। বোয়ালিয়া থানা পুলিশের সহযোগিতায় নগরীর খরবোনা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে খরবোনা মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—রাজশাহীর চারঘাট উপজেলার চাঁদপুর কাকড়ামারী গ্রামের নাজমুলের ছেলে মো. মারুফ (২৫), পুঠিয়ার পঁচামাড়িয়া গ্রামের রতন সরকারের ছেলে রথিন সরকার (২১), নগরীর হাদীর মোড় গ্রামের জাফরের ছেলে ইয়াসিন (২২) এবং একই এলাকার মৃত আলমগীর সরকারের ছেলে কামরুন এহসান রিদয় (২৬)।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশ আরও জানায়, মামলার পর গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।