বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাজশাহীতে টেনিস কোর্টে প্রথম ম্যাচেই শি চাওয়ের দাপট, গ্রুপ পর্বে চিনা তারকা

নিজস্ব প্রতিবেদক ০৪ অক্টোবর ২০২৬ ০৯:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৪ অক্টোবর ২০২৬ ০৯:০৫ অপরাহ্ন
রাজশাহীতে টেনিস কোর্টে প্রথম ম্যাচেই শি চাওয়ের দাপট, গ্রুপ পর্বে চিনা তারকা

রাজশাহী টেনিস কমপ্লেক্সে প্রথম ম্যাচেই দাপট দেখিয়ে ৩১তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব নিশ্চিত করেছেন চিনের তরুণ টেনিস খেলোয়াড় শি চাও।


রোববার (৪ অক্টোবর) রাজশাহী টেনিস কমপ্লেক্সের ২ নম্বর কোর্টে প্রাক-বাছাই ম্যাচে বাংলাদেশের আরিফ হোসেনকে সরাসরি ৬-০ ও ৬-২ সেটে হারান শি চাও। ম্যাচজুড়ে তাঁর নিয়ন্ত্রিত শট ও আক্রমণাত্মক টেনিসে প্রতিপক্ষকে চাপে রাখেন তিনি।


সোমবার (৪ অক্টোবর) থেকে শুরু হবে টুর্নামেন্টের মূল গ্রুপ পর্ব। সেখানে চিনের হয়ে খেলতে দেখা যাবে শি চাওকে।

দেশের বাইরে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলছেন এই তরুণ। প্রথম ম্যাচ জয়ের পর শি চাও বলেন, ‘অবশ্যই আমার জন্য আনন্দের। দেশের বাইরে প্রথম খেলতে এসে একটু চাপ অনুভব করছিলাম। কিন্তু পরিচিত টেনিস কোর্টে নামার পর সবকিছু সহজ মনে হয়েছে।’


বাংলাদেশ, বিশেষ করে রাজশাহীতে এসে কেমন লাগছে—এমন প্রশ্নে শি চাও বলেন, ‘বিদেশের মাটিতে ভিন্ন অনুভূতি হচ্ছে। এখানে একটু গরম বেশি। মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। স্বপ্ন তো অবশ্যই শিরোপা জয়। তবে সেই পথ সহজ হবে না, এটা আমি জানি। এই টুর্নামেন্টে বিভিন্ন দেশের অনেক ভালো খেলোয়াড় খেলছেন।’


প্রথম ম্যাচের প্রতিপক্ষ আরিফ হোসেনের প্রশংসাও করেন শি চাও। তিনি বলেন, ‘আরিফ ভালো খেলেছে। তবে আমি শুধু ওর ভুলগুলো কাজে লাগিয়ে এগিয়ে গেছি।’

সোমবার (৫ থেকে ১০ অক্টোবর) রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক এই জুনিয়র টেনিস প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশসহ ১০ দেশের শতাধিক খেলোয়াড় এতে অংশ নিচ্ছেন।


এদিকে টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতির বিষয়ে ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু জানান, আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় এবারের প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। ব্যবস্থাপনায় রয়েছে রাজশাহী টেনিস কমপ্লেক্স। 


তিনি আরও বলেন, বিদেশি খেলোয়াড়, কোচ, অভিভাবক ও কর্মকর্তাদের থাকার জন্য রাজশাহী পর্যটন মোটেল, হোটেল এক্স ও গ্র্যান্ড রিভার ভিউ নির্ধারণ করা হয়েছে। এসব হোটেল ও মোটেল থেকে টেনিস কমপ্লেক্সে যাতায়াতের জন্য সার্বক্ষণিক দুটি মাইক্রোবাসের ব্যবস্থা রাখা হয়েছে।


সোমবার ( ৫ অক্টোবর) সকাল ৯টায় টুর্নামেন্টের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর উপস্থিত থাকার কথা রয়েছে। দর্শকদের জন্য টুর্নামেন্টের খেলা দেখার কোনো প্রবেশমূল্য রাখা হয়নি। শিশু ও কিশোরদের টেনিসের প্রতি আগ্রহ বাড়াতে রাজশাহী মহানগরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের খেলা দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 


আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ ছাড়াও ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চিন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন।


বালকদের মধ্যে র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল। তাঁর আইটিএফ বিশ্ব জুনিয়র র‌্যাংকিং ১ হাজার ৫৯। 

অন্যদিকে বালিকাদের মধ্যে শীর্ষ র‌্যাংকিংয়ের খেলোয়াড় ভারতের শেখ শাজফা। তার আইটিএফ বিশ্ব জুনিয়র র‌্যাংকিং দুই হাজার ৪৫।

টুর্নামেন্টে বালক ও বালিকা এককে ৩২ জন করে খেলোয়াড়ের ড্র থাকবে। এর মধ্যে আটজন করে খেলোয়াড় কোয়ালিফাইং রাউন্ড এবং চারজন করে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে মূল পর্বে জায়গা পাবেন। রাজশাহীর মোট ৫ জন এই টুর্নামেন্টে খেলবেন। এর মধ্যে মেইন ড্রতে খেলবেন রাকিন রহমান ও বকুল আলী। 

এছাড়া বালক ও বালিকা দ্বৈত ইভেন্টে ১৬টি করে ড্র থাকবে। আয়োজকেরা আরও বলেন, আন্তর্জাতিক এই প্রতিযোগিতার মাধ্যমে রাজশাহীতে টেনিসের প্রসার ঘটানোর পাশাপাশি দেশি-বিদেশি খেলোয়াড়দের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। টুর্নামেন্ট সফল করতে পরিচালনা কমিটির সদস্যরা কাজ করছেন।

টুর্নামেন্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি ভারতের জয় মুখার্জী। তিনি বলেন, রাজশাহীতে এই আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি আনন্দিত। এটি আমার দশম টুর্নামেন্ট, তাই এই আয়োজন আমার জন্যও বিশেষ। টুর্নামেন্টটি আন্তর্জাতিক নিয়ম ও শৃঙ্খলা মেনে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করব। আশা করি, বাংলাদেশসহ বিভিন্ন দেশের তরুণ খেলোয়াড়দের জন্য এই প্রতিযোগিতা ভালো অভিজ্ঞতা ও নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ তৈরি করবে।#