সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর বাড়ির আঙিনায় ৮০ বোতল ফেনসিডিল, দম্পতি পলাতক
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিলধলী গ্রামে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) গোয়েন্দা সদস্যরা। এ সময় অভিযানের টের পেয়ে কথিত মাদক ব্যবসায়ী মনির ও তার স্ত্রী রোজি পালিয়ে যায় বলে জানা গেছে।
সোমবার (৪ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিলধলী গ্রামে মনিরের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে এসআরবির গোয়েন্দা সদস্যরা মনিরের বাড়ি ও আশপাশের এলাকা ঘিরে ফেলেন। পরে বাড়ির প্রবেশপথ, আঙিনা ও আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে স্থানীয়দের উপস্থিতিতে বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় রাখা একটি বস্তা থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অভিযানের সময় মনির ও তার স্ত্রী রোজি ঘটনাস্থলে ছিলেন বলে স্থানীয়দের দাবি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান বলে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, বিলধলী গ্রামে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা চলে আসছে। বিভিন্ন সময়ে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে।
এসআরবি সদস্যরা জানান, উদ্ধার করা ফেনসিডিল জব্দ করে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় পলাতক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।