বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

সিরাজগঞ্জে অপরাধ নিয়ন্ত্রণে বাঁশকল পরিদর্শন ও পুলিশ সদস্যদের টর্চলাইট-বাঁশি দিলেন পুলিশ সুপার

সিরাজগঞ্জ প্রতিনিধি : ০৫ অক্টোবর ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
সিরাজগঞ্জ প্রতিনিধি : ০৫ অক্টোবর ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে অপরাধ নিয়ন্ত্রণে বাঁশকল পরিদর্শন ও পুলিশ সদস্যদের টর্চলাইট-বাঁশি দিলেন পুলিশ সুপার

সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় গরু চুরিসহ নানা ধরনের অপরাধ প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত বাঁশকল (বাঁশের ব্যারিকেড/চেকিং পয়েন্ট) কার্যক্রম জোরদার করেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় সলঙ্গা থানা এলাকায় স্থাপিত বাঁশকলগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।


সোমবার (৫ অক্টোবর) রাতে তিনি সলঙ্গা থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত বাঁশকল পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দায়িত্ব পালনের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।


পরিদর্শনকালে পুলিশ সুপার বাঁশকল ডিউটিতে নিয়োজিত সদস্যদের দায়িত্ব পালনে আরও কার্যকর ও নিরাপদভাবে সহায়তার লক্ষ্যে তাঁদের মাঝে টর্চলাইট ও বাঁশি বিতরণ করেন। বিশেষ করে রাতের বেলায় সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের গতিবিধি নজরদারি, প্রয়োজনের সময় সংকেত প্রদান এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে এসব সরঞ্জাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এ সময় পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি বাঁশকলগুলোতে দায়িত্ব পালনের সময় নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্যও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গরু চুরি, চোরাচালান, মাদক পরিবহনসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের চলাচল প্রতিরোধে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাঁশকল স্থাপন করা হয়েছে। এসব স্থানে নিয়মিতভাবে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।


জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিরাজগঞ্জ জেলা পুলিশের এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।