রাজশাহীতে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা
রাজশাহীতে গ্রাম আদালতের মামলা ব্যবস্থাপনা ও তথ্য সংরক্ষণে সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প’-এর আওতায় সোমবার (৪ অক্টোবর) দুপুরে নগরীর ঘোড়ামারা এলাকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তি, মামলার তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ, শুনানি ও মামলার অগ্রগতি হালনাগাদ এবং বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরির পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। তিনি বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্প সময়ে ও কম খরচে ন্যায়বিচার পাওয়ার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। এ ব্যবস্থার কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গতিশীল করতে মামলার তথ্য সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা জরুরি।
বিভাগীয় কমিশনার বলেন, তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহারের ফলে মামলার তথ্য দ্রুত হালনাগাদ করা এবং প্রয়োজনীয় প্রতিবেদন তৈরি করা সম্ভব হবে। এতে গ্রাম আদালতের মামলার অগ্রগতি পর্যবেক্ষণ এবং কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়া সহজ হবে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে গ্রাম আদালতের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক মোছা. তাহলিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার রাজশাহী জেলার উপপরিচালক নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. লুৎফর রহমান। আয়োজকেরা জানান, গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর মাধ্যমে মামলার তথ্য সংরক্ষণ ও হালনাগাদ কার্যক্রম আরও সুশৃঙ্খল করা সম্ভব হবে। একই সঙ্গে মামলার অগ্রগতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় প্রতিবেদন তৈরির কাজ সহজ হবে। এর ফলে স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও তথ্যনির্ভর করার সুযোগ তৈরি হবে।