বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বাঘা পৌর নির্বাচনে ফের মেয়র প্রার্থী ইসরাফিল, ৩০ বছরে সব নির্বাচনে জামানত হারান

আমানুল হক আমান, বাঘা ০৫ অক্টোবর ২০২৬ ১১:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আমানুল হক আমান, বাঘা ০৫ অক্টোবর ২০২৬ ১১:২০ অপরাহ্ন
বাঘা পৌর নির্বাচনে ফের মেয়র প্রার্থী ইসরাফিল, ৩০ বছরে সব নির্বাচনে জামানত হারান

রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আবারও প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ডেকোরেটর ব্যবসায়ী ইসরাফিল বিশ্বাস। তিন দশকের বেশি সময় ধরে জাতীয় সংসদ, উপজেলা পরিষদ ও পৌরসভাসহ বিভিন্ন নির্বাচনে প্রার্থী হয়ে আলোচনায় থাকলেও এখন পর্যন্ত কোনো নির্বাচনেই জামানত ফেরত পাননি তিনি।


বাঘা পৌরসভার বলিহার গ্রামের বাসিন্দা ইসরাফিল বিশ্বাস পেশায় টিউবওয়েল মিস্ত্রি। পাশাপাশি তিনি ডেকোরেটর ব্যবসার সঙ্গে যুক্ত। এবারও মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর ছবি সংবলিত পোস্টারও ছড়িয়ে পড়েছে।


ইসরাফিল বিশ্বাসের নির্বাচনী মাঠে আসা নতুন নয়। ১৯৯৬ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। তবে দুই নির্বাচনেই প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল হয়।


এ ছাড়া ২০০৯ সালে বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এবং ২০১৪ সালে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সর্বশেষ ২০২২ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত বাঘা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়েছিলেন।


তবে এসব নির্বাচনের কোনোটি থেকেই জামানত ফেরত পাওয়ার মতো ভোট পাননি তিনি। তাঁর শিক্ষাগত যোগ্যতা ‘স্বাক্ষরজ্ঞান’।


এদিকে আসন্ন পৌর নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরাফিল বিশ্বাসকে মেয়র হিসেবে দেখতে চেয়ে পোস্টার প্রচার করা হচ্ছে। পোস্টারে তাঁকে ‘সৎ, যোগ্য, সু-শিক্ষিত, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক’ হিসেবে উল্লেখ করে ভোটারদের দোয়া ও সমর্থন চাওয়া হয়েছে।


বারবার নির্বাচনে প্রার্থী হওয়ার কারণ জানতে চাইলে ইসরাফিল বিশ্বাস বলেন, “নির্বাচনকে ঘিরে ভোটের হারানো সংস্কৃতি ফিরিয়ে আনতে চাই। নতুন প্রজন্মকে জানতে হবে, এ দেশে একসময় গণতন্ত্র ও ভোটের রাজনীতি ছিল না। কোনো দিন যদি নির্বাচিত হতে পারি, তাহলে সমাজসেবক হিসেবে তরুণদের কর্মসংস্থান নিয়ে কাজ করব সবার আগে।”


আগের নির্বাচনের তুলনায় এবার ভোটাররা তাঁকে মূল্যায়ন করবেন বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।


এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি বলেন, আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে ইসরাফিল বিশ্বাসের প্রার্থী হওয়ার বিষয়ে তাঁর কাছে এখনো বিস্তারিত তথ্য নেই। তবে অতীতে তিনি একাধিক নির্বাচনে অংশ নিয়েছেন কি না, সে বিষয়েও তিনি অবগত নন।