রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আব্দুল্লাহ আল আনসারীর মৃত্যু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল আনসারী (৭২) মারা গেছেন। রোববার (৪ অক্টোবর) রাত ১০টা ১৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।
এক শোকবার্তায় তাঁরা গণিত ও ফলিত গণিত শিক্ষা ও গবেষণায় মরহুমের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁরা তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার (৫ অক্টোবর) বাদ জোহর রাবি কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল আনসারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত ও ফলিত গণিত বিভাগের সভাপতি এবং হল প্রাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি একাধিক গবেষণা তত্ত্বাবধানের পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন পুত্র রেখে গেছেন।