বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার ও ফলের আড়তে অভিযান, জরিমানা ৩ হাজার টাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি ০৫ অক্টোবর ২০২৬ ১১:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিরাজগঞ্জ প্রতিনিধি ০৫ অক্টোবর ২০২৬ ১১:২২ অপরাহ্ন
সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার ও ফলের আড়তে অভিযান, জরিমানা ৩ হাজার টাকা

সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডারের ডিলার ও খুচরা দোকানে তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি হওয়ায় এ অংশে কোনো ব্যবসায়ীকে জরিমানা করা হয়নি। তবে ফলের দোকানে মূল্য তালিকা হালনাগাদ না থাকা ও পণ্যের লেবেলে মোড়ক না থাকায় দুই প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে সদর উপজেলার রেলগেট, বাজার স্টেশন ও চামড়াপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।


অভিযানে যমুনা গ্যাসের ডিলার পয়েন্ট ও বিভিন্ন খুচরা দোকানে সরকার নির্ধারিত ১২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকা দরে বিক্রি হচ্ছে কি না, তা তদারকি করা হয়। এ সময় ভোক্তা পর্যায়ে সিলিন্ডার ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৮৩০ টাকার মধ্যে বিক্রি হতে দেখা যায়।


এ ছাড়া ডিলার ও খুচরা পর্যায়ে গ্যাসের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রি হওয়ায় এ অংশে কোনো জরিমানা করা হয়নি। ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি এবং কৃত্রিম সংকট সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়।


পরে এসএস রোড ও বড় বাজার এলাকায় ফলের দোকানে অভিযান চালানো হয়। সেখানে মূল্য তালিকা হালনাগাদ না থাকা এবং পণ্যের লেবেলে মোড়ক না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স বিসমিল্লাহ আমের আড়তকে ২ হাজার টাকা এবং মেসার্স আলম ফল ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।