শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে কোলে থাকা শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করার সময় মায়ের কোলে থাকা ৯ মাস বয়সী শিশুর শরীরে আঘাত লেগে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে শিশুটির বাবার বিরুদ্ধে।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার গালা ইউনিয়নের চর দুগালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম হালিমা খাতুন। সে ওই গ্রামের আলিম প্রামাণিকের মেয়ে।
নিহত শিশুর মা ফজিলা খাতুনের অভিযোগ, বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁর স্বামী আলিম প্রামাণিকের সঙ্গে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। সোমবার সকালে বিরোধের একপর্যায়ে আলিম তাঁকে লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় তাঁর কোলে থাকা শিশু হালিমার শরীরে লাঠির আঘাত লাগে। পরে শিশুটিকে চিকিৎসকের কাছে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
ফজিলা খাতুনের দাবি, ঘটনার পর শিশুটিকে নিয়ে তিনি শাহজাদপুর পৌর শহরের দরগাহপাড়া এলাকায় তাঁর ফুপুর বাড়িতে যান। এ সময় শিশুটির বাবা পালিয়ে যায়।
খবর পেয়ে শাহজাদপুর থানার এসআই আনোয়ার হোসেন ও শফিক খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মো. সাইফুল ইসলাম জানান, দরগাহপাড়া থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত বাবা আলিম প্রামাণিককে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।