রাবির আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে উপ-উপাচার্যদ্বয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে সংঘটিত ঘটনায় আহত সাংবাদিক জাহিদুল ইসলামকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেছেন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ হাসপাতালে গিয়ে জাহিদুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তাঁরা কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানতে চান।
উপ-উপাচার্যদ্বয় আহত সাংবাদিকের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে জাহিদুল ইসলাম দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, রোববার (৪ অক্টোবর) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে জাহিদুল ইসলামসহ কয়েকজন সাংবাদিক আহত হন।