সিরাজগঞ্জে বিসিএস ক্যাডার প্রশিক্ষণার্থীদের সঙ্গে পুলিশের মতবিনিময়
বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সঙ্গে সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
সভায় সিরাজগঞ্জ জেলা পুলিশের সাংগঠনিক কাঠামো, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, জনবান্ধব পুলিশিং এবং বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ নিয়ে সংক্ষিপ্ত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, জনবান্ধব, পেশাদার ও সেবামুখী পুলিশিংয়ের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা জরুরি। মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় প্রয়োজন।
তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস সুদৃঢ় করতে পেশাদারিত্ব, সততা ও মানবিক মূল্যবোধের সমন্বয় জরুরি।
সভায় জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রশিক্ষণার্থীরা প্রশ্ন করেন। পরে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এবং বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা সিরাজগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম, আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও জনসেবামূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।