শিবগঞ্জে ব্যবসায়ী-সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দলের স্পেন, ফ্রান্স ও সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফেরার পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে শিবগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি।
তিনি বলেন, সফরকালে প্রতিনিধি দল বিভিন্ন দেশের ব্যবসায়ী নেতা ও চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানির সম্ভাবনা ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেছে। বিশেষ করে পোশাক শিল্প, পাটজাত পণ্য এবং আম থেকে উৎপাদিত বিভিন্ন পণ্য বাজারজাতকরণে স্পেন, ফ্রান্স ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরা আগ্রহ প্রকাশ করেছেন।
শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বারিউল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল হাসনাত, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ, পরিচালক জাকির হোসেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নুর আমিন, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক সোনা, ইত্তেফাকের প্রতিনিধি সফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানা, সিনিয়র সাংবাদিক জালাল উদ্দিন, সফিকুল ইসলাম এবং বাসসের চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা শরিফুল ইসলামসহ ব্যবসায়ী ও সাংবাদিকরা।
সভায় বিদেশি বাজারে বাংলাদেশের পণ্যের রপ্তানি সম্ভাবনা এবং এ ক্ষেত্রে ব্যবসায়ী ও গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।