বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বাঘায় দুই সপ্তাহ পর আবারও বাড়ছে পদ্মার পানি

বাঘা প্রতিনিধি ০৫ অক্টোবর ২০২৬ ১১:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ০৫ অক্টোবর ২০২৬ ১১:৪২ অপরাহ্ন
বাঘায় দুই সপ্তাহ পর আবারও বাড়ছে পদ্মার পানি

রাজশাহীর বাঘায় পদ্মার ১৫টি চরে দুই সপ্তাহ পর আবারও পানি বাড়তে শুরু করেছে। সোমবার (৫ অক্টোবর) কয়েকটি সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হতে দেখা গেছে।


চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, দুই সপ্তাহ আগে পদ্মার পানি কমে গিয়েছিল। গত শনিবার থেকে আবারও পানি বাড়তে শুরু করেছে। এরই মধ্যে পাকা সড়ক ডিঙিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কোথাও কোথাও সড়কের ওপর হাঁটুসমান পানি জমেছে। এই পানি মাড়িয়েই স্থানীয়দের চলাচল করতে হচ্ছে।


কালিদাসখালী চরের কলেজশিক্ষার্থী মিলন খান বলেন, ‘প্রকৃতির সঙ্গে লড়াই করে চরে বসবাস করতে হচ্ছে। পানির মধ্য দিয়ে অনেককে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। আবারও পদ্মায় পানি বাড়ায় আমরা আতঙ্কের মধ্যে আছি।’


চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু শিকদার বলেন, কয়েক বছরের ব্যবধানে পদ্মার ভাঙনে প্রায় এক হাজার বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার, বিজিবি ক্যাম্প এবং হাজার হাজার বিঘা আবাদি-অনাবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এতে বহু পরিবার গৃহহীন হয়েছে।


তিনি বলেন, পদ্মার চরের ১৫টি চর নিয়ে চকরাজাপুর ইউনিয়ন পরিষদ গঠিত। পানি আবার বাড়তে শুরু করায় চরাঞ্চলের মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।