বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নলডাঙ্গায় ছুরিকাঘাতে মুয়াজ্জিন আহতের অভিযোগ

নাটোর প্রতিনিধি ০৫ অক্টোবর ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০৫ অক্টোবর ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন
নলডাঙ্গায় ছুরিকাঘাতে মুয়াজ্জিন আহতের অভিযোগ

নাটোরের নলডাঙ্গায় ফজরের আজান দেওয়ার সময় সৈয়দ ইসলাম (৫০) নামে এক মুয়াজ্জিনকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সোমবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার পিঁপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত সৈয়দ ইসলাম ওই এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে।


স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, ভোরে ফজরের আজান দিতে মসজিদের মাইকে ওঠেন সৈয়দ ইসলাম। একপর্যায়ে হঠাৎ আজান বন্ধ হয়ে গেলে মুসল্লিদের সন্দেহ হয়। পরে তারা মসজিদে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।


পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।


স্থানীয়দের দাবি, ধারালো অস্ত্র দিয়ে তার পেটসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাত করা হয়েছে।


পিঁপরুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আমিরুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।


নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ বা মামলা পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।