কাশিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ১ নম্বর ওয়ার্ডের রাইপাড়ায় বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের দিকনির্দেশনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহ্সান হিমেল কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় কাশিয়াডাঙ্গা থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে ওয়ার্ডের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, মশার প্রজননস্থল পরিষ্কার এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া, জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
এ সময় স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন বা পরিচ্ছন্নতা কার্যক্রম যথেষ্ট নয়; নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও জরুরি। সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গুর ঝুঁকি কমিয়ে আনা সম্ভব।
রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, লার্ভিসাইড প্রয়োগ, ফগার স্প্রে ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।