বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

চারঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

চারঘাট প্রতিনিধি ০৫ অক্টোবর ২০২৬ ১১:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চারঘাট প্রতিনিধি ০৫ অক্টোবর ২০২৬ ১১:৫২ অপরাহ্ন
চারঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

চারঘাটে ২৩ বছর বয়সী এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (৩ অক্টোবর) উপজেলার রায়পুর খাঁ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।


অভিযুক্ত ব্যক্তির নাম মকসেদ আলী (৬০)। তিনি উপজেলার রায়পুর খাঁ পাড়া গ্রামের মৃত মজের আলীর ছেলে।


পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন ওই তরুণী। এ সময় মকসেদ আলী তাঁকে জোর করে পাশের হলুদের জমিতে নিয়ে যান বলে অভিযোগ করা হয়। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।


পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে হলুদের জমি থেকে তরুণীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাঁকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।


এর আগে তরুণীর মা বাদী হয়ে চারঘাট মডেল থানায় লিখিত অভিযোগ করেন।


স্থানীয় খাঁ পাড়া সমাজের প্রামাণিক শামসুল হক বলেন, এর আগেও নানা প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ মকসেদ আলীর বিরুদ্ধে উঠেছিল। বিষয়টি নিয়ে সামাজিকভাবে বসে তাঁকে সতর্ক করা হয়েছিল বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, এবারও তরুণীকে হলুদের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। এছাড়া তরুণীর পরিবারকে বিয়ের প্রলোভন দেখিয়ে থানায় অভিযোগ না করার জন্য চাপ দেওয়া হয়েছিল বলেও তিনি দাবি করেন।


তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মকসেদ আলীর বক্তব্য জানা সম্ভব হয়নি।


চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বলেন, ‘তরুণীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’