বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নিরাপদ ও নির্বিঘ্নে দুর্গোৎসব পালনে নানা নির্দেশনা পুলিশ সুপারের

বগুড়া প্রতিনিধি ০৫ অক্টোবর ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ০৫ অক্টোবর ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন
নিরাপদ ও নির্বিঘ্নে দুর্গোৎসব পালনে নানা নির্দেশনা পুলিশ সুপারের

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বগুড়ায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টায় বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম সভায় সভাপতিত্ব করেন।


মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বগুড়া জেলা শাখার সভাপতি পরিমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় এবং জেলার বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এছাড়া পূজা উদযাপন ফ্রন্টের জেলা ও উপজেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিবরাও বক্তব্য দেন।


সভায় আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে মন্দির ও পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


এ সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার পূজামণ্ডপের বিভিন্ন সমস্যা, নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয় তুলে ধরেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও পূজা চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেওয়া হয়।


মতবিনিময় সভায় পুলিশ সুপার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বগুড়ার ১৩টি উপজেলার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন।সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন কমিটিগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।