বহিষ্কৃত হয়ে ছাত্রদলকে ‘হিজরা ইউনিট’ বললেন আহসান হাবিব
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিবকে বহিষ্কারের পর সংগঠনটিকে ‘হিজরা ইউনিট’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) বহিষ্কারের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “বহিষ্কারের হ্যাট্রিক ট্রফি দিলেন? শিবিরের ক্যান্টনমেন্টে আজ থেকে রাবি ছাত্রদল ‘হিজরা ইউনিটে’ পরিণত হলো। গুপ্তদের মিডিয়া ট্রায়ালের চাপ সামলাতে না পারলে ছাত্রদল বিলুপ্ত করে দেন।”
তিনি আরও লেখেন, “সুশীল রাজনীতি দিয়ে কোনদিন রাবি ক্যাম্পাসে ছাত্রদলকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। কোন সাহসী ছেলে-মেয়ে আর এই সংগঠন করতে আসবে না। আরো ১০-১১ জনের বহিষ্কারের প্রেস রিলিজ রেডি করে রাখেন। রাবি ছাত্রদল এখন ল্যাংটা হবে। লজ্জায় মুখ দেখাতে পারবে না কেউ?”
এর আগে একই দিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহসভাপতি পদমর্যাদার মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে আহসান হাবিবসহ সংগঠনটির তিন নেতাকে বহিষ্কারের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে রাবি শাখার সহসভাপতি আহসান হাবিবসহ তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিক আহত হন। হামলার ঘটনায় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে।