বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে. ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ব্যাসায়ীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ০৬ অক্টোবর ২০২৬ ০২:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ০৬ অক্টোবর ২০২৬ ০২:০৬ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে. ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ব্যাসায়ীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ওবাইদুল আজিম রিংকু (ব্যবসায়ী) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিস্ত্রিপাড়ার বাসিন্দা আনোয়ারুল আজিমের ছেলে।


পারিবারিক সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর প্রথমে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন রিংকু। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।


রিংকুর পারিবারিক বন্ধু মতিউল ইসলাম শিপন  জানান, রিংকু, তাঁর স্ত্রী ও সন্তান একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন। পরে রিংকুর শারীরিক অবস্থার অবনতি ঘটে।


চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহবুব হাসান বলেন, রিংকুকে রাত ৯টা ৪০ মিনিটে ডেঙ্গু শক সিনড্রোম নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় তাঁর হৃদস্পন্দনের হার অনেক কম ছিল। তাঁর অবস্থা গুরুতর বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।


এদিকে জেলা হাসপাতালের তথ্য অনুযায়ী, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩০ জন। ফলে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।