সিরাজগঞ্জে বৃক্ষরোপণ, বিতরণ ৫ শতাধিক গাছ
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ পৌর শহরের ইসলামিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের উদ্যোগে এবং বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে কলেজ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শরীফ-উস-সাঈদ।
পরে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারী পরিচালক তুহিন আলম। সভায় বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাহীন আলমসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
কর্মসূচিতে সিরাজগঞ্জ সদরসহ বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের রোভার ও গার্ল-ইন-রোভার সদস্যরা অংশ নেন। আলোচনা সভা শেষে অতিথিরা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
আয়োজকেরা জানান, পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন কার্যক্রমকে এগিয়ে নিতে ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।