চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার প্রতিটি মণ্ডপে সিসিটিভি, শান্তিপূর্ণ উৎসব নিশ্চিতে থাকবে পুলিশি টহল
চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মণ্ডপভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন এবং নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থা থাকবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
পুলিশ সুপার বলেন, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। একই সঙ্গে মন্দির ও মণ্ডপকেন্দ্রিক স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহলও জোরদার করা হবে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জীসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। এবার চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলায় মোট ১৬৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।