৯৪ মণ্ডপে দুর্গাপূজা, শেরপুরে প্রস্তুতি সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বগুড়ার শেরপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় শেরপুর পৌরশহরের কেন্দ্রীয় শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। প্রধান বক্তা ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা।
সভায় শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পূজা উদযাপন পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন, নেসকোর সহকারী প্রকৌশলী প্রান্ত সাহা, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. মুকুল মিয়াসহ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন। তারা পূজামণ্ডপে যাতায়াতের সড়ক সংস্কার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ এবং মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরেন তারা।
প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সভায় জানানো হয়, এবার শেরপুর উপজেলায় মোট ৯৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে শেরপুর পৌর এলাকায় রয়েছে ৩৩টি মণ্ডপ।
অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ ও পরে চণ্ডী পাঠ করা হয়। সভায় স্থানীয় বিভিন্ন সনাতন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।