বদলগাছীতে শিয়ালের কামড়ে শিশুসহ ১২ জন আহত, এলাকায় আতঙ্ক
নওগাঁর বদলগাছী উপজেলার হলুদ বিহার ও বলরামপুর এলাকায় শিয়ালের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিকেল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বিভিন্ন স্থানে শিয়ালের আক্রমণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলের দিকে বলরামপুর গ্রামের একটি বাড়ির বাইরে খেলছিল তিন বছরের শিশু ছাপওয়ান। এ সময় একটি শিয়াল তার পায়ে কামড় দেয়। সন্ধ্যার পর একই এলাকায় খাবার খাওয়ার সময় ঘরে ঢুকে এক নারীকে কামড় দেয় শিয়াল। পরে আরও একজনকে কামড়ানোর ঘটনা ঘটে।
রাত ৯টার দিকে শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে চার যুবক বসে গল্প করছিলেন। এ সময় সেখানে একটি শিয়াল গিয়ে চারজনকেই কামড় দেয় বলে স্থানীয়রা জানান।
এদিকে সন্ধ্যার পর ১০ বছরের শিশু সাদিক বাবার হাত ধরে দ্বীপগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে শিয়ালটি তার পায়ে কামড় দেয়।
হলুদ বিহার গ্রামের আজিবর রহমান জানান, তিনি বাজারের একটি দোকানে বসে টেলিভিশন দেখছিলেন। এ সময় পেছন থেকে একটি শিয়াল এসে তাঁকে কামড় দেয়। এছাড়া নাদুর, রানা, মিলন ও শিশিরসহ আরও কয়েকজন শিয়ালের কামড়ে আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, একপর্যায়ে একটি শিয়াল ফরিদের বাড়িতে ঢুকে তাঁকে কামড়ানোর চেষ্টা করে। এ সময় তিনি কাঁথা দিয়ে শিয়ালটিকে আটকে ফেলেন এবং পরে সেটিকে মেরে ফেলেন।
আহত ব্যক্তিদের কয়েকজন জানান, ঘটনার পর তাঁরা রাতেই নওগাঁ সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন। আবার কয়েকজন মঙ্গলবার হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন।
শিয়ালের আক্রমণের ঘটনায় হলুদ বিহার ও বলরামপুরসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সন্ধ্যার পর অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না বলে জানিয়েছেন স্থানীয়রা। শিয়ালের আক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।