বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী

ধামইরহাট প্রতিনিধি ০৬ অক্টোবর ২০২৬ ১০:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ধামইরহাট প্রতিনিধি ০৬ অক্টোবর ২০২৬ ১০:৩২ অপরাহ্ন
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী

নওগাঁর ধামইরহাটে আদালতের রায় থাকা সত্ত্বেও বসতবাড়িতে জবরদখলের চেষ্টা, ভাঙচুর, গাছপালা কর্তন ও দই তৈরির কারখানায় হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তোজাম্মেল হক নামে এক ব্যক্তি।


সোমবার (৫ অক্টোবর) রাত ৯টায় ধামইরহাট পূর্ব বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।


তোজাম্মেল হক বলেন, গত বুধবার দিবাগত রাতে প্রতিপক্ষ সোলাইমান আলী ৪০ থেকে ৫০ জন লোক নিয়ে তাঁর বসতবাড়িতে জবরদখলের উদ্দেশ্যে হামলা চালান। ফজরের নামাজের পর বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তিনি বাড়িঘর ভাঙচুর, গাছপালা কেটে ফেলা এবং দই তৈরির কারখানা ভাঙচুরের ঘটনা দেখতে পান বলে দাবি করেন। এ সময় কারখানায় থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।


এ ঘটনায় তাঁর প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তোজাম্মেল। তিনি আরও বলেন, ঘটনার খবর পেয়ে মেহবুব, হামিদ ও ইব্রাহিম নামে তিনজন তাঁর খোঁজ নিতে গেলে ভয়ে তাঁরাও ঘটনাস্থল থেকে সরে যেতে বাধ্য হন।


সংবাদ সম্মেলনে তোজাম্মেল হক দাবি করেন, আমাইতারা মৌজার জেএল নম্বর ১০৬, খতিয়ান নম্বর ১১৩ ও দাগ নম্বর ১৭১-এর মোট ১ একর ৩০ শতক জমির মধ্যে ৪৭ শতক জমি তিনি বৈধভাবে কিনে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমিটির খাজনা-খারিজসহ প্রয়োজনীয় কাগজপত্র তাঁর নামে হালনাগাদ রয়েছে বলেও জানান তিনি।


তাঁর ভাষ্য, জমিটির মালিকানা নিয়ে প্রতিপক্ষ আদালতে মামলা করলে কাগজপত্র পর্যালোচনার পর ২০২৫ সালের ২৬ জানুয়ারি ৪৩/২০ নম্বর মামলায় আদালত তাঁর পক্ষে রায় দেন। পরে প্রতিপক্ষ ৫১/২৫ নম্বর সত্ব আপিল মামলা দায়ের করলে ১৭ আগস্ট ২০২৫ তারিখে আদালত তা খারিজ করে দেন বলে দাবি করেন তিনি।


তোজাম্মেল আরও অভিযোগ করেন, আদালতের রায়ের পরও তাঁকে হয়রানি করতে গত ৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ও একটি পত্রিকায় তাঁর বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে। ওই সংবাদে একজন সাবেক অতিরিক্ত সচিবকেও জড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি।


তবে সংবাদ সম্মেলনে তোজাম্মেল হক তাঁর বিরুদ্ধে আনা হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো হামলার সঙ্গে জড়িত নন। তাঁকে ফাঁসানোর জন্য প্রতিপক্ষ মিথ্যা অভিযোগ করছে। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি প্রশাসনের কাছে ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার দাবি করেন।


এ বিষয়ে প্রতিপক্ষ সোলাইমান আলীর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।