নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা রাজশাহীর রোড ক্যাম্পেইন
আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখা।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সড়ক দুর্ঘটনা রোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ সড়ক ব্যবহারে জনসাধারণকে সচেতন করতে পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য—‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে নিসচা রাজশাহী জেলা শাখা মাসব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, প্রকাশনা সম্পাদক আসমানি আক্তার আখি, সমাজকল্যাণ সম্পাদক আফ্রিদি খান, কার্যনির্বাহী সদস্য জেমি, সবুজ ও পিন্টু এবং সদস্য আসাদুর জামান, সাদিকুল, রাহাত, আদনান খান, তামজিদ, নাহিদ, ইমন, রুকু, তুহিন ও হামিমসহ অন্যরা।