বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

অপরাধ নিয়ন্ত্রণে সিরাজগঞ্জে বাঁশকল ডিউটি পরিদর্শন পুলিশ সুপারের

সিরাজগঞ্জ প্রতিনিধি ০৭ অক্টোবর ২০২৬ ০১:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিরাজগঞ্জ প্রতিনিধি ০৭ অক্টোবর ২০২৬ ০১:০৫ অপরাহ্ন
অপরাধ নিয়ন্ত্রণে সিরাজগঞ্জে বাঁশকল ডিউটি পরিদর্শন পুলিশ সুপারের

সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত বাঁশকল (বাঁশের ব্যারিকেড/চেকিং পয়েন্ট) ডিউটি কার্যক্রম পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু। 


মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত বাঁশকলসমূহ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় পুলিশ সুপার বাঁশকল ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


সাম্প্রতিক সময়ে গরু চুরি, চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথগুলোতে বাঁশকল স্থাপন করে তল্লাশি ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ করে রাতের বেলায় সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের চলাচল পর্যবেক্ষণ, প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রণে এসব চেকিং পয়েন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


পরিদর্শনকালে পুলিশ সুপার ডিউটিরত সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে সাধারণ মানুষের চলাচলে যাতে অযথা কোনো ধরনের ভোগান্তি সৃষ্টি না হয়, সেদিকেও নজর রাখার আহ্বান জানান। অপরাধ প্রতিরোধে তথ্যপ্রযুক্তির ব্যবহার, নিয়মিত টহল এবং সন্দেহজনক গতিবিধির ওপর বিশেষ নজর দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।


পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।


সিরাজগঞ্জ জেলা পুলিশ জানায়, জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাঁশকল ডিউটি ও অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।