বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হাসপাতালের তত্ত্বাবধায়কসহ দুই চিকিৎসক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৭ অক্টোবর ২০২৬ ০১:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৭ অক্টোবর ২০২৬ ০১:৪২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হাসপাতালের তত্ত্বাবধায়কসহ দুই চিকিৎসক

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। সাধারণ মানুষের পাশাপাশি এবার ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরাও। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কসহ হাসপাতালের আরও একজন চিকিৎসক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।


বুধবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান।


তিনি জানান, গত রোববার (৪ অক্টোবর) জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার ডেঙ্গুতে আক্রান্ত হন। বর্তমানে তিনি ঢাকায় নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এর দুই দিন পর মঙ্গলবার (৬ অক্টোবর) হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগের সহকারী সার্জন মো. ফজর আলী লালও ডেঙ্গুতে আক্রান্ত হন। তিনিও বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।


এদিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের জেলা হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ১১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৬৫ জন।


স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগকে বাড়তি চাপ সামলাতে হচ্ছে।