বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

সিরাজগঞ্জ-বগুড়া-নওগাঁয় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩,৭৬৭ কোটি টাকা

সোনার দেশ ডেস্ক ০৭ অক্টোবর ২০২৬ ০৯:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ডেস্ক ০৭ অক্টোবর ২০২৬ ০৯:৪৩ অপরাহ্ন
সিরাজগঞ্জ-বগুড়া-নওগাঁয় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩,৭৬৭ কোটি টাকা

বগুড়া অঞ্চলের তিন জেলা সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁয় সরকারি অর্থায়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার ৭৬৭ কোটি ৫০ লাখ টাকার একটি নতুন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।


প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।


সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের ১৩টি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে ব্যয়ের দিক থেকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্পটিই সবচেয়ে বড়। এ প্রকল্পের পুরো অর্থ আসবে সরকারের নিজস্ব তহবিল (জিওবি) থেকে, কোনো বিদেশি ঋণ বা সংস্থার নিজস্ব অর্থায়ন নেই। তবে এ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গাড়ি কেনার পেছনে খরচ না করার শর্ত জুড়ে দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়।


এছাড়াও ঢাকা, রংপুর ও গাজীপুরের নগর অবকাঠামো উন্নয়ন, বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ, রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণসহ ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা।


অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা। প্রকল্প ঋণ বা অনুদান থেকে আসবে ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা। আর সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।


একনেকের অনুমোদন পাওয়া বড় প্রকল্পগুলোর একটি হলো রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ প্রকল্প। এর আওতায় বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকা। এর মধ্যে ৮১১ কোটি ৩৮ লাখ টাকা সরকারি অর্থায়ন এবং ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা প্রকল্প ঋণ। বাস্তবায়নের সময় জুলাই ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৯ পর্যন্ত।


নগর অবকাঠামো খাতেও বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনের রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণে ব্যয় হবে ২ হাজার ৫৮৬ কোটি ৯৯ লাখ টাকা। অক্টোবর ২০২৬ থেকে সেপ্টেম্বর ২০২৯ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে।


তথ্যসূত্র: বিডিনিউজ