বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

দামকুড়ায় অনলাইন জুয়ায় জড়িত অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ০৭ অক্টোবর ২০২৬ ০৯:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৭ অক্টোবর ২০২৬ ০৯:৫৭ অপরাহ্ন

রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি স্মার্টফোন, একটি বাটন ফোন ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।


মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে দামকুড়া থানা পুলিশ হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন—হরিপুর তেলপাম্প এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. নাইমুর রহমান (৩২), হরিপুর বনপাড়া গ্রামের মো. খোশ মাহমুদের ছেলে বাবুল আক্তার ওরফে সোহাগ (২৭) এবং হরিপুর খড়িয়ারধার গ্রামের মৃত আশরাফুজ্জামান চৌধুরীর ছেলে মো. জোবাইদ চৌধুরী ওরফে ফাহিম (২২)।


পুলিশ জানায়, অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে হরিপুর পেট্রোল পাম্পের পেছনের এলাকার আব্দুস সালামের ছেলে মো. আবু সাইদ সজিব ওরফে সবুজ (২৪) পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


পুলিশের দাবি, গ্রেপ্তারদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন তল্লাশি করে দুটি জিমেইল আইডি এবং অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত ১৪টি অ্যাপ পাওয়া গেছে। এছাড়া জুয়ার কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়।


এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে দামকুড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।