বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নিয়ামতপুরে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

নিয়ামতপুর প্রতিনিধি ০৭ অক্টোবর ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিয়ামতপুর প্রতিনিধি ০৭ অক্টোবর ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন

নওগাঁর নিয়ামতপুরে পুকুরে ডুবে রাব্বি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত রাব্বি ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে রাব্বির মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় রাব্বি তার বড় ভাইয়ের সঙ্গে খেলছিল। বেলা ১১টার দিকে বড় ভাই তাকে আইসক্রিম কিনে দেয়। আইসক্রিম খেতে খেতে রাব্বি বাড়ির পশ্চিম পাশে পুকুরের দিকে চলে যায়।


কিছুক্ষণ পর রাব্বিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা পুকুরে শিশুটির মরদেহ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি মৌখিকভাবে জানতে পেরেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।