বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ৪

নওগাঁ প্রতিনিধি ০৭ অক্টোবর ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নওগাঁ প্রতিনিধি ০৭ অক্টোবর ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ৪

নওগাঁ সদর উপজেলায় একটি চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার হাঁপানিয়া এলাকার হাজি ইসারত আলী চালকলে এ ঘটনা ঘটে।


নিহত আব্দুল খালেক হাঁপানিয়া পাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে। আহত চার শ্রমিককে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার সকালে চালকলে ধান সিদ্ধ করার কাজ করছিলেন শ্রমিকরা। একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরিত হয়। এতে পুরো এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। আতঙ্কে শ্রমিকরা ছোটাছুটি শুরু করেন। পরে ধোঁয়া কিছুটা কমলে শ্রমিকরা চাতালে আব্দুল খালেককে পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঘটনার প্রত্যক্ষদর্শী নারী শ্রমিক হামিদা বেগম বলেন, হঠাৎ বিকট শব্দ হওয়ার পর চারদিকে ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছিল না। পরে ফিরে এসে আব্দুল খালেককে পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তাদের কাজ করতে হয় এবং কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।


ঘটনার পর থেকে চালকলের মালিক পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।


নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বয়লার বিস্ফোরণের কারণ তদন্তের পর জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।