কাটাখালীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীর কাটাখালী থানার এলাকা থেকে মো. মোজাহিদুল ইসলাম (৩৬) নামে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী বাজারের একটি মুদি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোজাহিদুল ইসলাম রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার মথুরডাঙ্গা এলাকার আব্দুল মজিদের ছেলে।
এসআরবি-৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, মোজাহিদুল ইসলাম পাঁচটি পৃথক মামলায় সাজাপ্রাপ্ত। এসব মামলায় তাকে দুই বছর সশ্রম কারাদণ্ড, সাত মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সাজা কার্যকরের জন্য তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ছিল।
এসআরবি-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্তের পর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে গ্রেপ্তারের পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার মোজাহিদুল ইসলামের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় দায়ের করা মামলাগুলোর মধ্যে রয়েছে—সিআর মামলা নং ৯৫৭/২২, ধারা ৪২০; মহানগর দায়রা মামলা নং ১৭৬/২৪, সিআর ৮৭০/২৩, ধারা এনআই অ্যাক্ট ১৩৮; মহানগর দায়রা মামলা নং ৬৯৪/২৩, সিআর ৬১৩/২২, ধারা এনআই অ্যাক্ট ১৩৮ এবং মহানগর দায়রা মামলা নং ১৯৮০/২২, সিআর ৪৮৭/২২, ধারা এনআই অ্যাক্ট ১৩৮।
এসআরবি-৫ জানিয়েছে, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ও অস্ত্র ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত আসামি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নকারী ব্যক্তিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।