বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

সরকারিকরণের তালিকায় কোলা কলেজ, বদলগাছীতে আনন্দ মিছিল

বদলগাছী প্রতিনিধি ০৭ অক্টোবর ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী প্রতিনিধি ০৭ অক্টোবর ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন
সরকারিকরণের তালিকায় কোলা কলেজ, বদলগাছীতে আনন্দ মিছিল

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা আদর্শ ডিগ্রি কলেজ সরকারি করার প্রক্রিয়ায় নাম থাকায় আনন্দ মিছিল করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় কোলা হাটবার উপলক্ষে স্থানীয়রা এ আনন্দ মিছিল বের করেন। মিছিলে হাটে আসা লোকজনও অংশ নিয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন।


কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কোলা আদর্শ ডিগ্রি কলেজ সরকারি করার দাবিতে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়।


পরবর্তীতে সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. হুমায়ুন কবীর গত ১৪ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষকে চিঠি দেন। ওই চিঠির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা কলেজ পরিদর্শন করে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করেন।


কলেজ পরিদর্শনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। পরে তারা সংসদ সদস্য ফজলে হুদা বাবুলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করেন।


স্থানীয় বাসিন্দা রেজাউন নবী স্যান্ডো, সাইফুল ইসলাম, আজান আলীসহ অনেকে বলেন, কোলা উপজেলার অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ হাট। এলাকাটি ঘনবসতিপূর্ণ এবং যোগাযোগ ব্যবস্থাও ভালো। কলেজটির আশপাশে ৬ থেকে ৮ কিলোমিটারের মধ্যে কোলা উচ্চ বিদ্যালয়, শিবপুর উচ্চ বিদ্যালয়, ভান্ডারপুর উচ্চ বিদ্যালয়, ভান্ডারপুর সাবিত্রী বালিকা উচ্চ বিদ্যালয়, মল্লিকপুর উচ্চ বিদ্যালয়, পারসোমবাড়ি উচ্চ বিদ্যালয় ও বিলাশবাড়ী উচ্চ বিদ্যালয় রয়েছে।


তাদের মতে, কোলা আদর্শ ডিগ্রি কলেজ সরকারি হলে এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে। বিশেষ করে আর্থিক সংকটে এসএসসির পর যেসব শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যায়, তারা কম খরচে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারে।


কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের পরিচালক কলেজ পরিদর্শনে এসে প্রয়োজনীয় তথ্য নিয়েছেন। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা করেছে। কোলা কলেজ সরকারি হলে এলাকার শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, কোলা কলেজটি দীর্ঘদিনের পুরোনো একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি সরকারি হলে কোলা এলাকাসহ উপজেলার শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা ও উচ্চশিক্ষার আরও সুযোগ পাবে।