চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০ মোবাইল ফোন হস্তান্তর
চাঁপাইনবাবগঞ্জে প্রযুক্তির সহায়তায় উদ্ধার করা ৩০টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগীদের করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট থানার আইসিটি টিম প্রযুক্তিনির্ভর ট্র্যাকিংয়ের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করে।
উদ্ধার হওয়া ৩০টি মোবাইলের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকা থেকে ১৫টি, নাচোল থানা থেকে ৭টি, শিবগঞ্জ থানা থেকে ৬টি এবং গোমস্তাপুর থানা এলাকা থেকে ২টি মোবাইল উদ্ধার করা হয়।
দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে মালিকরা আনন্দ ও আবেগ প্রকাশ করেন। তারা জেলা পুলিশের প্রযুক্তিনির্ভর কার্যক্রম ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
জেলা পুলিশ জানায়, নাগরিকদের হারানো সম্পদ উদ্ধারের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার করে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।