বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক ০৭ অক্টোবর ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৭ অক্টোবর ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। রাজশাহী জেলার আটটি উপজেলায় ৩৮১টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এসব মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা এবং পূজার পরিবেশ শান্তিপূর্ণ রাখার বিষয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতাদের সঙ্গে আলোচনা করেন পুলিশ কর্মকর্তারা। বুধবার (৭ অক্টোবর) বিকেলে রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদ। তিনি বলেন, “আসন্ন দুর্গাপূজা ঘিরে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা জেলা পুলিশের অন্যতম অগ্রাধিকার। পূজার সময় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক থাকবে। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। যেকোনো সমস্যা বা সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে দ্রুত পুলিশকে জানানোর জন্য সবাইকে অনুরোধ করছি।”


সভায় বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক বিশ্বনাথ সরকার। তিনি বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি দেশের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতিরও প্রতীক। সব ধর্মের মানুষের সহযোগিতায় উৎসবটি শান্তিপূর্ণভাবে উদ্যাপন করা সম্ভব। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ ও আয়োজকদের মধ্যে সমন্বয় থাকা জরুরি। আমরা সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে পূজা উদ্যাপনে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই।”


জেলা পুলিশের তথ্য অনুযায়ী, রাজশাহীর আটটি উপজেলায় মোট ৩৮১টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদ্যাপিত হবে। এর মধ্যে বাগমারায় সবচেয়ে বেশি ৮৬টি মণ্ডপ রয়েছে। এ ছাড়া তানোরে ৫৯টি, বাঘায় ৫৯টি, পুঠিয়ায় ৫৬টি, গোদাগাড়ীতে ৪২টি, চারঘাটে ৪২টি, মোহনপুরে ২৪টি এবং দুর্গাপুরে ২৩টি মণ্ডপে পূজার আয়োজন করা হবে। পূজার সূচি অনুযায়ী, ১০ অক্টোবর মহালয়া, ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৭ ও ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গাপূজা শেষ হওয়ার কথা রয়েছে।


মুক্ত আলোচনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী জেলা শাখার সদস্যসচিব সেন্টু কুমার সাহা, পুঠিয়া উপজেলা শাখার সভাপতি অলক কুমার ঘোষ এবং পবা উপজেলা শাখার সভাপতি অসিত কুমার সাহা। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার, সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মীর্জা মো. আব্দুস ছালাম এবং সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) মো. খালেদ হোসেন।