দুর্গাপূজায় গুজব প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান
চাঁপাইনবাবগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে গুজব প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্গাপূজার আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এতে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল ও অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হোসেন।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতারা দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে বক্তব্য দেন।
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, কোনোভাবেই দুর্গোৎসবকে ঘিরে গুজব ছড়াতে দেওয়া যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ ও পূজা মণ্ডপের কর্তৃপক্ষকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
সভায় দুর্গাপূজা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পূজামণ্ডপের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিতসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পূজাকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।