বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

‘রাজশাহীর সাংবাদিক সমাজ’ ব্যানারে মানববন্ধন, বহিরাগতদের ব্যবহারের অভিযোগ

সংবাদ বিজ্ঞপ্তি ০৭ অক্টোবর ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৭ অক্টোবর ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
‘রাজশাহীর সাংবাদিক সমাজ’ ব্যানারে মানববন্ধন, বহিরাগতদের ব্যবহারের অভিযোগ

রাজশাহী প্রেসক্লাব ও এর নেতৃবৃন্দের ছবি বিকৃত করে অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী প্রেসক্লাব। বুধবার (৭ অক্টোবর) দুপুরে নগরীর ভুবন মোহন পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


এর আগে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আলুপট্টি মোড়ে ‘রাজশাহীর সাংবাদিক সমাজ’ ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের নেতৃবৃন্দের অভিযোগ, কর্মসূচিতে পেশাদার সাংবাদিকদের সঙ্গে আলোচনা বা তাদের সম্মতি নেওয়া হয়নি। এতে অসাংবাদিক ও বহিরাগতদের অংশগ্রহণ করানো হয়েছে।


প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সহ-সভাপতি সরদার শরিফুল ইসলাম। সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুনের সঞ্চালনায় রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা এতে অংশ নেন।


সমাবেশে সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন অভিযোগ করেন, আলুপট্টি মোড়ের কর্মসূচিতে রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের ছবি বিকৃত করে মানহানিকর বক্তব্যসংবলিত ব্যানার ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে এবং প্রযোজ্য ক্ষেত্রে সাইবার আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


তিনি আরও অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের কর্মকাণ্ড আড়াল করতে পেশাদার সাংবাদিকদের নাম ব্যবহার করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। তবে এসব অভিযোগের বিষয়ে মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


রাজশাহী প্রেসক্লাবের অভ্যন্তরীণ নির্বাচন প্রসঙ্গে গোলাম মোস্তাফা মামুন বলেন, গঠনতন্ত্র অনুযায়ী আগামী ডিসেম্বরেই ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। বৈধ সদস্যরা ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।


সমাবেশে বক্তারা সাংবাদিকদের নাম ব্যবহার করে বিভ্রান্তি ও অপপ্রচার বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে প্রেসক্লাবের নেতৃবৃন্দের ছবি বিকৃতি, চরিত্রহনন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।