বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

আন্তর্জাতিক জুনিয়র টেনিসে মেয়েদের সেমিফাইনালে চার চিনা

নিজস্ব প্রতিবেদক ০৭ অক্টোবর ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৭ অক্টোবর ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন
আন্তর্জাতিক জুনিয়র টেনিসে মেয়েদের সেমিফাইনালে চার চিনা

রাজশাহীতে ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের লড়াই জমে উঠেছে। মেয়েদের একক ইভেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন চার চিনা খেলোয়াড়—সিয়ান জিয়ান, জেনসি ডং, জিমো সঙ ও জিকান ইয়াং। ফলে মেয়েদের শিরোপার লড়াইয়ে চিনের আধিপত্য স্পষ্ট হয়ে উঠেছে।


বুধবার (৭ অক্টোবর) মেয়েদের কোয়ার্টার ফাইনাল ও ছেলেদের রাউন্ড রবিন পর্বের খেলা শেষ হয়। মেয়েদের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সুমাইয়া আক্তারকে হারিয়েছেন চিনের জিকান ইয়াং। প্রায় তিন ঘণ্টার টানটান লড়াইয়ের পর তৃতীয় সেটের টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হয়।


সম্প্রতি জাতীয় মহিলা জুনিয়র টেনিসে চ্যাম্পিয়ন হওয়া সুমাইয়ার লড়াই ছিল দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে শেষ পর্যন্ত জয় না পেলেও তাঁর পারফরম্যান্স বাংলাদেশের তরুণ টেনিস খেলোয়াড়দের সম্ভাবনার জানান দিয়েছে।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) মেয়েদের সেমিফাইনালের পাশাপাশি ছেলেদের কোয়ার্টার ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হবে।


ছেলেদের রাউন্ড রবিন পর্ব শেষে আট গ্রুপের চ্যাম্পিয়নরা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তাঁরা হলেন থাইল্যান্ডের লিকুল পার্টচারাপুল, চাইনিজ তাইপের চেন জি চেন, চীনের ফ্যাং টিয়ানি ও জু লিমো, ভারতের শিব মোহন ও জাগ্রুত কাচিরেন্ডি, জাপানের তানি রিউমা এবং হংকংয়ের লোক চুন কিউ।


টুর্নামেন্টের রেফারি জয় মুখার্জী বলেন, এবারের আসরে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হচ্ছে। অনেক ম্যাচের ফল নির্ধারণে খেলোয়াড়দের তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত কোর্টে থাকতে হচ্ছে। বিশেষ করে সুমাইয়া আক্তার ও জিকান ইয়াংয়ের ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেষ সেটের টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হয়েছে।


তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের তরুণ খেলোয়াড়েরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ পাচ্ছেন। সামনের ম্যাচগুলোতেও জমজমাট লড়াই হবে বলে আশা করছেন আয়োজকেরা।


গত ৫ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে প্রতিযোগিতাটির উদ্বোধন হয়। আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশসহ ১০টি দেশের শতাধিক খেলোয়াড় এতে অংশ নিচ্ছেন।