বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

গোমস্তাপুরে দুস্থ-অসহায়দের মধ্যে চেক ও আর্থিক সহায়তা বিতরণ

গোমস্তাপুর প্রতিনিধি ০৭ অক্টোবর ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর প্রতিনিধি ০৭ অক্টোবর ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন
গোমস্তাপুরে দুস্থ-অসহায়দের মধ্যে চেক ও আর্থিক সহায়তা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে আর্থিক অনুদানের চেক ও বিশেষ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।


বুধবার (৭ অক্টোবর) গোমস্তাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সহায়তা বিতরণ করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এ সহায়তা দেওয়া হয়। পাশাপাশি সংসদ সদস্যের তহবিল থেকেও বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।


অনুষ্ঠানে রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, সাংবাদিক আতিকুল ইসলাম আজমসহ অন্যরা বক্তব্য দেন।


অনুষ্ঠানে ৩৬ জনকে নগদ ৫০ হাজার টাকা করে এবং দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ২৫ জনকে ১৫ হাজার টাকা করে চেক দেওয়া হয়।


প্রধান অতিথির বক্তব্যে ড. মু. মিজানুর রহমান বলেন, সমাজের অবহেলিত, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে সরকার রয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং জরুরি চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজন মেটাতে এ ধরনের আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তিনি আরও বলেন, পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। সরকারি সহায়তা যেন প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছায়, সে জন্য সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।