বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বড়াইগ্রামে সালিশি বৈঠকে ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিতের অভিযোগ

বড়াইগ্রাম প্রতিনিধি ০৭ অক্টোবর ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বড়াইগ্রাম প্রতিনিধি ০৭ অক্টোবর ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন
বড়াইগ্রামে সালিশি বৈঠকে ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিতের অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে সালিশি বৈঠকে গোপালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সামাদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা জামাল উদ্দিন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।


মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় গোপালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন প্যানেল চেয়ারম্যান আব্দুস সামাদ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আব্দুস সামাদ বলেন, মঙ্গলবার বিকেলে তাঁর সভাপতিত্বে আস্তিকপাড়া গ্রামের লালু মণ্ডলকে মারধর ও তাঁর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ নিয়ে সালিশি বৈঠক বসে। বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা চলাকালে জামাল উদ্দিন ও তাঁর সহযোগীরা তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে মারধর ও জামাকাপড় ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ করেন তিনি।


লালু মণ্ডল বলেন, এর আগে চেয়ারম্যানসহ স্থানীয়রা তাঁর একটি পারিবারিক সমস্যা সমাধান করে দিয়েছিলেন। ওই বিষয়কে কেন্দ্র করে জামাল উদ্দিন ও তাঁর সহযোগীরা তাঁর কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সোমবার তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে স্বজনেরা তাঁকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান।


সংবাদ সম্মেলনে বিএনপি নেতা শাহিন খলিফা, আলহাজ আনিসুর রহমান, সাঈদ মণ্ডল, আব্দুস সালাম (চান্দু), ইউপি সদস্য বেলাল উদ্দিন, ফজল উদ্দিন, আবুল কালাম, মোছা. বুলবুলি খাতুন ও আব্দুর রবসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


অভিযোগের বিষয়ে বিএনপি নেতা জামাল উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।


বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।