পার্বতীপুরে দূর্গা পূজায় নিরাপত্তা জোরদারে প্রস্তুতিমূলক সভা
দিনাজপুরের পার্বতীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পার্বতীপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন, বিদ্যুৎ সরবরাহ, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বুধবার (৭ অক্টোবর) বিকেলে পার্বতীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ পার্বতীপুর-ফুলবাড়ি আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক।
এ ছাড়াও সভায় পার্বতীপুর উপজেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক আমিনুল ইসালাম শাহ, বাংলাদেশ জামায়তে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারি আবু সায়েম শাহ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানাউল্লাহ, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি কৈলাস প্রসাদ সোনার, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীপেশ চন্দ্র সরকার, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ দত্তসহ রেলওয়ে, আনসার ভিডিপি, পার্বতীপুর উপজেলা ও পৌরসভার প্রতিটি পূজা মন্ডপের সভাপতি/ সম্পাদক মন্ডলীর প্রতিনিধিগণ বক্তব্য দেন।
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ১৫০ টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক বলেন, পার্বতীপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি সবাইকে গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানান।