প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে রাসিক প্রশাসক, বিভাগীয় কমিশনার ও আরএমপি কমিশনার
শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের প্রস্তুতির অংশ হিসেবে রাজশাহীতে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে নগরীর মুন্নুজান স্কুলের সামনে নির্ধারিত প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করেন তারা।
পরিদর্শনকালে ঘাটের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা, যানবাহন চলাচল ও জননিরাপত্তার বিষয়গুলো পর্যালোচনা করা হয়। প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।
রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সিটি করপোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছে প্রশাসন।
বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী বলেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিমা তৈরি থেকে বিসর্জন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিভাগীয় পর্যায়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। সিটি করপোরেশন, আরএমপি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করা হবে।
আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে আরএমপির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে এসআরবি-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মো. মঞ্জুরুল কবির পিয়াল, রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মঞ্জিল হক, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।