বদলগাছীতে হিমাগারে বাড়তি টাকা আদায়ের অভিযোগে কৃষকদের মানববন্ধন
নওগাঁর বদলগাছীতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কেজিপ্রতি দুই টাকা বেশি নেওয়ার অভিযোগে উত্তরা কোল্ড স্টোরেজের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকেরা। অভিযোগের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত হিমাগার কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পাহাড়পুর বাজারের সড়কে আলু ফেলে এ মানববন্ধন করেন কৃষকেরা। এর আগে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হিমাগার কর্তৃপক্ষকে জরিমানা করেন।
কৃষকদের অভিযোগ, হিমাগার থেকে আলু বের করার সময় সরকার নির্ধারিত ভাড়ার বাইরে প্রতি কেজিতে আরও দুই টাকা নেওয়া হচ্ছে। এতে বেশি পরিমাণ আলু সংরক্ষণ করা কৃষকদের কয়েক হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত দিতে হচ্ছে। গত দুই বছর আলু চাষে লোকসানের পর বাড়তি এ অর্থের চাপ তাদের ক্ষতি আরও বাড়িয়ে দিচ্ছে বলে জানান তারা।
তবে অভিযোগ অস্বীকার করেছেন উত্তরা কোল্ড স্টোরেজের নির্বাহী পরিচালক ফারহানা কণা। তিনি বলেন, কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়নি। ৬০ কেজির বেশি আলু সংরক্ষণের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে।
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, কৃষি বিপণন আইনে হিমাগারে আলু সংরক্ষণের সর্বোচ্চ ভাড়া সরকার নির্ধারণ করে দেয়। অভিযোগ যাচাই করে সত্যতা পাওয়ায় হিমাগার কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যাতে এমনটি না হয়, সে বিষয়েও সতর্ক করা হয়েছে।