বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নগরীতে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ০৮ অক্টোবর ২০২৬ ১০:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৮ অক্টোবর ২০২৬ ১০:২২ অপরাহ্ন
নগরীতে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় ৬৭টি ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মতিহার থানার তালাইমারী মোড় এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—বাগমারা উপজেলার বাইগাছা গ্রামের শাহ সেকেন্দার আলীর মেয়ে ফারজানা স্বপ্না (২২) এবং গোদাগাড়ীর খেতুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রতন আলী (২৭)। এ সময় স্বপ্নার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা তিনটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন দীর্ঘদিন ধরে স্বপ্নার সহযোগী হিসেবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।


এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি চৌদ্দপাই মোড় এলাকায় অভিযান চালিয়ে মুসফিক এলাহী মাহিন (৩০) নামে একজনকে গ্রেপ্তার করে। তিনি চন্দ্রিমা থানার নামো ভদ্রা এলাকার বাসিন্দা। তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের তথ্যমতে, মাহিনের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মাদক মামলা রয়েছে।


অন্যদিকে, বুধবার (৭ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে বোয়ালিয়া থানার শিল্পনগর পুলিশ ফাঁড়ি বিসিক শিল্পনগরীর বটতলা মোড়ে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তারা হলেন—নাটোরের লালপুর উপজেলার দূরদুনিয়া গ্রামের লিমন আহম্মেদ (২৩), বাগমারার দামনাস হাট গ্রামের তোফাজ্জল হোসেন ওরফে সাগর (২২) এবং একই গ্রামের সজিব হোসেন (২২)।


তাদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৭ হাজার ৩০০ টাকা, মাদক সরবরাহ ও বিক্রিতে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।