নগরীতে অনলাইন জুয়ায় গ্রেপ্তার ১
মহানগরীতে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমের অভিযোগে রনি (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দামকুড়া থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত একটি স্মার্টফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর সোনাইকান্দি এলাকায় অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করা হয়। তিনি গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মৃত মীরসাদের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর রনির কাছ থেকে জব্দ করা স্মার্টফোনটি তল্লাশি করে দুটি জিমেইল আইডি এবং অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত ১৬টি অ্যাপ পাওয়া যায়। এছাড়া জুয়ার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় রনির বিরুদ্ধে দামকুড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।